ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ছোট্ট পরিবার। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের নিয়েই কাটছে তার দিন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সংসার প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন- সংসার কেমন কাটছে? হাসতে হাসতেই নায়িকা উত্তর দেন, ‘পরীর সংসার রূপকথার মতো যাচ্ছে।’
পরীমণি জানান, সন্তানদের ঘিরেই তার দিন-রাত, ব্যস্ততা আর আনন্দ। পাশাপাশি তার বাসায় আছে একটি পোষা প্রাণী। সেও সংসারেরই এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। আর আছে তার প্রিয় নানুভাইয়ের স্মৃতি।
পরীর কথায়, ‘দুই বাচ্চা, আমার বাসায় একটা পেট আছে। আর আমার নানুভাইয়ের স্মৃতি। এই তো, এভাবেই চলছে আমার সংসার।’
এদিকে কাজের ক্ষেত্রেও থেমে নেই পরীমণি। সম্প্রতি তিনি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। বছরের শুরুতে ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও এখনো শুটিং শুরু হয়নি।
এছাড়া ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া ‘প্রীতিলতা’র কাজও আবার শুরু হতে পারে বলে জানা গেছে। তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চান না সংশ্লিষ্টরা।








