স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ: এনসিপি – Rupantor Television

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ: এনসিপি

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে পীরের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ‘মব সহিংসতা’ প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগও তুলেছে দলটি।

দলটির ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে ব্যর্থ হচ্ছেন।

গতকাল শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি দৌলতপুরে একটি দরবারে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দরবারের প্রধান পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হন। এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় এনসিপি।

দলটি মনে করে, ধর্মীয় সংবেদনশীল কোনো অভিযোগের বিচার করার দায়িত্ব আদালতের, কোনোভাবেই জনতার হাতে আইন তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। ‘মব সহিংসতা’র মাধ্যমে যারা হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগ ঘটিয়েছে, তারা ফৌজদারি অপরাধ করেছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের সহিংসতা স্থানীয় প্রভাবশালী মহলের নীরব সমর্থন ছাড়া সম্ভব নয়। অতীতে রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও মরদেহ পোড়ানোর ঘটনাতেও রাজনৈতিক ছত্রচ্ছায়ার অভিযোগ ছিল বলে উল্লেখ করে দলটি।

এনসিপি বলেছে, সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকার-সমর্থিত পক্ষ ‘মব’ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত দুজন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করে।

দলটির দাবি, একদিকে সরকার ‘মব কালচার’ বন্ধের কথা বলছে, অন্যদিকে রাজনৈতিকভাবে তা ব্যবহারও করা হচ্ছে। এতে ভিন্নমত দমনের প্রবণতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার একের পর এক নিজ নির্বাচনী ইশতেহার ভঙ্গ করেই যাচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ে মুখপাত্রের ভূমিকা পালন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

  • Related Posts

    আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

    বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।…

    এবার নারী আসনে বিএনপির এমপি হতে চান মেঘনা আলম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থীহয়ে ঢাকা-৮ আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। ৬০৮ ভোট পেয়ে জামানত হারানো আালোচিত এই মডেল এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *