ভোটের প্রচার শুরু কোন দল কোথায় করবে – Rupantor Television

ভোটের প্রচার শুরু কোন দল কোথায় করবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গতকাল বুধবার প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন।

এদিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বিএনপি। এই সমাবেশসহ প্রথম দিন সাতটি জেলায় সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।

অন্যদিকে বেলা দুইটায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমানসহ ১০-দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এই জনসভাস্থলটি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী এলাকার (ঢাকা-১৫) মধ্যে।

সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)। জিয়ারত শেষে প্রচার কর্মসূচি তিন নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ পর্যায়ের নেতারা প্রচারে অংশ নেবেন বলে দলটি জানিয়েছে।

বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আর সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনী প্রচার শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রংপুর থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার রাতে তিনি বলেন, ‘আমি রংপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরীর কবর জিয়ারত করব। আমার আম্মা, আব্বা এবং ভাই হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করব।’

জিএম কাদের দুই-তিন দিন রংপুরে নির্বাচনি প্রচার চালিয়ে ঢাকায় ফিরবেন। তার দলের মহাসচিব শামীম পাটোয়ারী গাইবান্ধায় নিজের নির্বাচনি আসন থেকে প্রচার শুরু করবেন।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেন, বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাব এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে বরিশাল-৫ এর আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল মার্কার প্রচার শুরু করবেন। বৃহস্পতিবার দুপুর ২টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে জমায়েত হয়ে তিনি গণসংযোগ শুরু করবেন বলে জানিয়েছেন সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়কারী আকবর খান।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩ নির্বাচনি এলাকা থেকে প্রচার শুরু করবেন বলে দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফের ভাষ্য। বুধবার রাতে তিনি বলেন, ‘বাকি প্রার্থীরা যে যার মত শুরু করবেন।’

নীলফামারী-১ আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রার্থী। তিনি নির্বাচনি এলাকা থেকে প্রচারভিযান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।

নির্বাচনী আইন অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার চালানো যাবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে।

  • Related Posts

    আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

    বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।…

    এবার নারী আসনে বিএনপির এমপি হতে চান মেঘনা আলম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থীহয়ে ঢাকা-৮ আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। ৬০৮ ভোট পেয়ে জামানত হারানো আালোচিত এই মডেল এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *