রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় যাত্রীসহ এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা দুজনই পুরুষ, তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ এর মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পথচারী খায়রুল ও হৃদয় জানিয়েছেন, দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে যাত্রীসহ ওই রিকশার চালক নিহত হন। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেন।
সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেছেন, পথচারীরা যাত্রীসহ রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ২টায় তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রবাড়ী থানাকে অবগত করা হয়েছে বলেও জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ওই কর্মকর্তা।







