মেক্সিকো সিটির নবসংস্কার করা আজতেকা স্টেডিয়ামে শনিবার এক ব্যক্তি ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে স্টেডিয়ামটি পুনরায় উদ্বোধনের ঠিক আগে, যখন ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও পর্তুগালের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। দীর্ঘদিনের সংস্কারকাজ শেষে নির্ধারিত সময়সীমা পূরণ হয়েছে কি না, তা যাচাই করার অংশ হিসেবেই ম্যাচটি আয়োজন করা হয়েছিল।
আগামী ১১ জুন এই স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে এটি বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কৃতিত্ব অর্জন করবে।
কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি দ্বিতীয় তলার বক্স আসন এলাকা থেকে বাইরের কাঠামো ধরে প্রথম তলায় নামার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।







