মালয়েশিয়ায় বিশেষ অভিযান ৭৭০ বিদেশি আটক, যাদের ৩৭৭ জনই বাংলাদেশি – Rupantor Television

মালয়েশিয়ায় বিশেষ অভিযান ৭৭০ বিদেশি আটক, যাদের ৩৭৭ জনই বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি রয়েছেন।

দেশটির জাতীয় সংবাদমাধ্যম বারনামা এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, গত রাতে জুয়ার আসরে আকস্মিক এ অভিযানে হতবিহ্বল হয়ে পড়েন সবাই। এ সময় কয়েকজন ভবনের ছাদে, কেউ টেবিলের নিচে, কেউ আবার ব্যবসাপ্রতিষ্ঠানে লুকিয়ে পড়েন। তবে তাদের সবাইকেই আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেছেন, ‘সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন- তিন সপ্তাহ ধরে স্থানীয় অনেকে এমন অভিযোগ করছেন। এর ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা অভিযান চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘আশ্চর্যের বিষয় হলো, আমাদের কর্মকর্তারা সেখানে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থাসহ একটি অনলাইন জুয়াখেলার জায়গা খুঁজে পেয়েছেন। অভিযানের সময় সাতজন বিদেশিকে হাতেনাতে ধরা হয়েছে।’

ঘটনাস্থলে ১০৬ সরকারি কর্মকর্তা সব মিলিয়ে ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করে দেখেন। তাদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি। বাকি ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই- বাছাই শেষে ৭৭০ বিদেশিকে আটক করা হয়।

মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান, পরিচয়পত্র না থাকা, স্বীকৃতিহীন পরিচয়পত্র বা পাস সঙ্গে রাখার মতো অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

বসরি ওসমান বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৩৭৭ জন, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী এবং অন্যান্য দেশের ২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।’

আটক বিদেশি ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য তাদের বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াব, যাতে মালিকরা কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেয়।’

মূলত দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে এসব অভিবাসীরা সাধারণত মালয়েশিয়ায় নির্মাণকাজ, বাগান বা ঝুঁকিপূর্ণ এমনসব খাতে কাজ করতে আসেন, যেসব কাজ স্থানীয়রা করতে অনীহা প্রকাশ করে।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *