ঝিনাইদহের কালীগঞ্জে শিলাবৃষ্টির পর এক বিস্ময়কর ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাঠে পড়ে থাকা প্রায় ১ মণ (প্রায় ৪০ কেজি) ওজনের একটি বিশাল শিলাখণ্ড ভেঙে বাজারে নিয়ে আসার দাবি করেছেন এক কৃষক।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর কালীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি ও হালকা শিলাবৃষ্টি হয়। বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হলেও শিলার পরিমাণ ছিল কম। তবে সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার পাঁচকাহুনিয়া মাঠে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
স্থানীয় কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারি জানান, সকালে নিজের জমি দেখতে গিয়ে তিনি মাটিতে পড়ে থাকা বড় আকারের একটি শিলা দেখতে পান। শিলাটির ওজন বেশি হওয়ায় পুরোটা বহন করতে পারেননি। পরে সেটি ভেঙে একটি অংশ বাজারে নিয়ে আসেন, যেন সবাইকে দেখাতে পারেন।
তিনি বলেন, ‘এত বড় শিলা জীবনে দেখিনি। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে ভেঙে কিছু অংশ বাজারে নিয়ে আসি, সবাইকে দেখানোর জন্য।’
এ বিষয়ে স্থানীয়রা জানান, এ এলাকায় আগে শিলাবৃষ্টি হলেও এত বড় আকারের শিলা কখনো দেখা যায়নি। ঘটনাটি তাদের কাছে একেবারেই অস্বাভাবিক ও বিস্ময়কর।
ঘটনাটি ঘিরে এলাকায় এখন চলছে নানা আলোচনা, এটি সত্যিই কি এত বড় শিলা, নাকি অন্য কোনো প্রাকৃতিক বস্তু-তা নিয়েও প্রশ্ন উঠেছে।







