ঈশ্বর কোনো যুদ্ধকে সমর্থন করেন না- এমন জোরালো বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের ফের সমালোচনা করেছেন পোপ চতুর্দশ লিও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কারও নাম উল্লেখ না করলেও, ট্রাম্প প্রশাসন ধর্মকে ব্যবহার করে ইরান যুদ্ধকে মহিমান্বিত করার যে চেষ্টা করছে, তিনি মূলত তার দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
পোপ লিখেছেন, ‘যারা শান্তির দূত খ্রিস্টের অনুসারী, তারা কখনোই বোমা হামলাকারীদের পক্ষে থাকতে পারেন না। সামরিক আগ্রাসন কখনও শান্তি আনে না, শান্তি আসে ধৈর্যশীল সহাবস্থান ও সংলাপের মাধ্যমে।’ প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব নেওয়া শিকাগোয় জন্ম নেওয়া এই পোপ গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই এর কঠোর বিরোধিতা করে আসছেন।
বিশেষ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধকে ‘যিশুখ্রিস্টের নামে পবিত্র যুদ্ধ’ বলে যে উসকানিমূলক মন্তব্য করেছেন, পোপের এই বার্তা মূলত তারই জবাব। হেগসেথ ইস্টার সানডের সময় ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের ঘটনাকে যিশুর পুনরুত্থানের সঙ্গে তুলনা করেছিলেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, ইরানে মার্কিন আগ্রাসনে ঈশ্বরের সমর্থন রয়েছে।
পোপ তার বার্তায় আরও বলেছেন, চরম স্বার্থপরতার বশে মানুষের জীবনকে এখন কেবল ‘যুদ্ধকালীন ক্ষতি’ হিসেবে দেখা হচ্ছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো কারণই নিরীহ মানুষের রক্তপাতকে বৈধতা দিতে পারে না। এর আগে ট্রাম্প যখন ‘পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন, তখনও পোপ এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে কড়া সমালোচনা করেছিলেন।







