শারীরিক অসুস্থতা সত্ত্বেও দর্শক ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি এনটিভিতে প্রচারের পর ইউটিউবেও ব্যাপক সাড়া ফেলেছে তার অভিনীত নাটক ‘জামাল কবিরাজ’। সুব্রত সঞ্জীব পরিচালিত এই নাটকটি ইতোমধ্যে ৩০ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। তানিয়া জানান, সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের গল্পই এই নাটকের মূল প্রাণ।
এদিকে গত ২৭ মার্চ ইউটিউবে মুক্তি পাওয়া ‘সুপ্তাদের বাড়ি’ নাটকটিও দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। পারিবারিক আবহের এই নাটকে তার সঙ্গে আরও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, সাবেরী আলম, সামিরা খান মাহি ও মাখনুন সুলতানা মাহিমা। দ্রুত সুস্থ হয়ে আবারও নিয়মিত কাজে ফেরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।








