ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। পরমাণু ইস্যুতে ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টা করছে বলে খবর প্রকাশের পর তিনি এমন দাবি করেন।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান আলী লারিজানি।
তিনি বলেন, ‘আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করব না।’
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছে। তবে এই খবর প্রকাশের পর লারিজানি তা প্রত্যাখ্যান করে এই বিবৃতি দিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টাও ছিলেন এই নিরাপত্তা প্রধান।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের ‘দরজা এখনো খোলা আছে’ বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসনের মধ্যে সোমবার তিনি বলেন, ‘জেনেভার আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক অভূতপূর্ব চুক্তির দিকে প্রকৃত অগ্রগতি দেখিয়েছে। যুদ্ধ এড়ানোর আশা থাকলেও যুদ্ধের কারণে শান্তির আশা নিঃশেষ হয় না। আমি এখনো বিশ্বাস করি, কূটনীতি এই সংঘাত সমাধান করতে পারে।’
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারা তার সঙ্গে আলোচনা করতে চান এবং তিনিও আলোচনা করতে রাজি হয়েছেন।








