মাত্র ১১৫ রান করেও বোলারদেরকল্যাণে শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছির দুর্দান্ত। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি।
১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। তাতে পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা। মাঝের ওভারগুলোতে স্পিনাররা ভালো করেছেন। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা।







