ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। একই সঙ্গে এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
রাতে সরকারের পক্ষ থেকে যখন এ সিদ্ধান্ত জানানো হয়, তখন হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের বাধা উপেক্ষা সংগঠনটির নেতাকর্মীরা যমুনার দিকে অগ্রসর হন। তারা হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
তাদের দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।






