রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অফিস উদ্বোধনের ব্যানার আবারও টাঙানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দীর্ঘ ১৯ মাস ধরে বন্ধ রয়েছে।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে আবারও একটা ব্যানার টাঙানো দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যসহ আইন শৃংখলা রক্ষাকারীর সদস্যরা ছুটে আসেন। সেই সঙ্গে পথচারী ও উৎসুক জনতাও দেখতে আসেন।
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের চা দোকানী বলেন, ‘বৃহস্পতিবার রাতে বাসায় চলে যাই, তখন কোনো ব্যানার ছিল না। শুক্রবার সকালে এসে দেখতে পাই ব্যানার ঝুলছে। রাতের কোনো এক সময় হয়তো কেউ টাঙিয়ে দিয়েছে।’
শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজরুল ইসলামের ছবি সম্বিলত ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা “এ দেশ আমাদের এই মাটি আমাদের”।
উল্লেখ্য, এর এক সপ্তাহ আগে গত শুক্রবার আরও একটা ব্যানার টাঙানো হয়েছিল।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে ওই ব্যানারটি পাওয়া যায়নি। কেউ হয়তো খুলে নিয়ে গেছে।’







