নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. সামসুজ্জোহা খানের পরাজয়ের খবর শুনে রিয়াজ উদ্দিন (৬৭) নামে বিএনপির এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদনপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে।
শনিবার সকালেবিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পত্নীতলা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হলে বিএনপি ও ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দিন-রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন রিয়াজ উদ্দিন। নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর মেনে নিতে পারেনি দলভক্ত রিয়াজ উদ্দিন।’
আব্দুল হামিদ বলেন, ‘গতকাল শুক্রবার সকালে পরাজয়ের খবর শুনেই হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রত তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। একই দিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
উল্লেখ্য, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) ভোটকেন্দ্র ১২৪টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামির প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ইঞ্জিনিয়ার এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩।







