৩০ লাখ টাকা বাজেটে সিনেমার গল্প থেকে জোভান ও তটিনীকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘প্রিয় নামে ডেকো’। কয়েকদিন ধরে নাটকটির শুটিং চলছে। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন আহমেদ তাওকীর ও প্রবীর রায় চৌধুরী। নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে ‘প্রিয় নামে ডেকো’ মুক্তি দেওয়া হবে। প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এখন নাটকের দর্শক অনেক বেড়েছে। আমাদের ভালো ভালো গল্পে কাজ হচ্ছে। এ কারণে প্রায় ৩০ লাখ বাজেট দিয়ে কাজটি করছি, শুটিং করতে হচ্ছে সাত দিনে। সিনেমা করলে হয়তো এই গল্পে আরও বাজেট বাড়িয়ে পনেরো দিনে শুটিং করতাম। জোভান ও তটিনী জুটিকে নিয়ে আমি এবারই প্রথম কাজ করছি। এটি সুইট রোমান্টিক গল্পের কাজ। সেই সঙ্গে পরিবারের সদস্যদের বন্ধনের গল্প রয়েছে।’ জোভানের সঙ্গে ‘সম্পর্কের গল্প’ নাটকে তুমুল প্রশংসা পেয়েছেন তটিনী। ‘প্রিয় নামে ডেকো’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গল্পটি প্রবীর দাদা আমাকে মিউজিকসহ এত চমৎকারভাবে শোনান, শুনেই ভালো লাগে। তা ছাড়া প্রবীর দাদা রোমান্টিক ধাঁচের গল্পে খুবই সুপরিচিত। শুরুতে বড় ছেলে এবং বেস্ট ফ্রেন্ড শুরুর পার্ট দেখে কান্না করেছিলাম। প্রবীর দাদাকে তখন থেকে চিনি। ইচ্ছা ছিল যেন কাজ হয়, সেই উইশটা পূর্ণ হলো।’







