জাকসু নির্বাচন ‘ত্রুটিযুক্ত’, তবে বর্জন করছি না: বাগছাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ‘ত্রুটিযুক্ত’ বলে বর্ণনা করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্যসচিব এবং ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের জিএস পদপ্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম। এ সময় নির্বাচনের ফলাফল যা-ই হোক মেনে নেওয়ারও ঘোষণা দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে সিয়াম এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী ও বাগছাস জাবির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল।

লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘জাকসু যে শুরু হলো, এটাকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে সাত-আট হাজার শিক্ষার্থী এত প্রতিকূলতার পরে ভোট দিয়েছেন। বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। এজন্যই আমরা বলছি, এ নির্বাচনটা আমরা বর্জন করছি না। কিন্তু এই নির্বাচনটা যে ত্রুটিযুক্ত, সেটা আমরা অ্যাড্রেস করছি।’

তিনি বলেন, ‘তবে আমরা বলছি, ৩২ বছরের নো-জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসু আমরা পেয়েছি, তা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষমতার ভারসাম্য আনার জন্য এ জাকসুটা আমাদের দরকার। আমরা মনে করি, এ জাকসু যদি আমরা বর্জন করি, এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এ প্রশাসন আমাদের সামনে আবারও একটা ৩৩ বছরের জটলা আনবে। সেটি হলে জাহাঙ্গীরনগরের গণতান্ত্রিক পরিবেশকে হুমকির মুখে ফেলবে।’

ভোটগ্রহণের দিন অসংখ্য অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন হলে অমোচনীয় কালি ব্যবহার হয়নি বা সহজে মুছে গেছে। অনেক ব্যালটে ছবি না থাকায় জাল ভোটের সুযোগ তৈরি হয়েছে। ফজিলতুন্নেসা, তাজউদ্দীন ও রফিক-জব্বার হলে ভোটার পরিচয় যাচাই না করে প্রবেশ করতে দেওয়া হয়। আবার বেশ কয়েকটি হলে প্রার্থী ও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

এতে আরও বলা হয়, ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। তারা ভোটকেন্দ্রে লিফলেট বিতরণ, টোকেন সরবরাহ, লাইন জ্যামিং এবং প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করেছেন।

এর আগে জাকসু নির্বাচনে অংশ নিতে গত ২২ আগস্ট বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। এতে ভিপি পদে বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং জিএস পদে রয়েছেন সদস্যসচিব আবু তৌহিদ মো. সিয়াম।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে মালিহা নামলাহ ও যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে জিয়া উদ্দিন আয়ান লড়াই করেছেন।

  • Related Posts

    মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

    রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে…

    টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রসুতি ধর

    ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী প্রসুতি ধর টেলেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে। সে গাংচিল বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার প্রশান্ত কুমার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *