কাঁদলেন আবু সাঈদের বাবা – Rupantor Television

কাঁদলেন আবু সাঈদের বাবা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মইনুল করিম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, তারেক আবদুল্লাহসহ অন্যরা।

এরপর আদালতে আবু সাঈদ হত্যার দুটি ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে ছেলেকে গুলি করার দৃশ্য দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। প্রসিকিউশন জানায়, তিনিই এ মামলায় সাক্ষ্য দেবেন।

আজ সকালে মামলার ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এর আগে, ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়ে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তবে এ মামলায় বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী। এর মধ্যে পাঁচজনের হয়ে লড়েন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশীদ। এছাড়া শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।

  • Related Posts

    আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

    বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।…

    এবার নারী আসনে বিএনপির এমপি হতে চান মেঘনা আলম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থীহয়ে ঢাকা-৮ আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। ৬০৮ ভোট পেয়ে জামানত হারানো আালোচিত এই মডেল এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *